কৃমি সংক্রমণ বাংলাদেশে এক অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃমি দ্বারা আক্রান্ত। কৃমি রক্তস্বল্পতা ও শিশুর অপুষ্টির জন্য দায়ী। কৃমি একধরনের পরজীবী প্রাণী, যা মানুষের শরীরের মধ্যে বাস করে বংশবৃদ্ধি করে। মানুষের খাবারের প্রায় সিংহভাগ কৃমি খেয়ে ফেলে। ফলে রক্তস্বল্পতা, পুষ্টিহীনতা, দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত, পেটব্যথা, ক্ষুধামান্দ্য, বমি হওয়া, পাতলা পায়খানা ইত্যাদি উপসর্গ দেখা দেয়।
অথচ আমরা একটু সচেতন হলেই কৃমি নিয়ন্ত্রণ করতে পারি। যেমন যত্রতত্র মলত্যাগ না করা, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা, মলত্যাগের পর সাবান দিয়ে হাত ধোয়া, পায়খানায় যাওয়ার সময় জুতা বা স্যান্ডেল ব্যবহার করা, নিয়মিত নখ কাটা, কাঁচা ফলমূল ভালো করে ধুয়ে খাওয়া ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করলে কৃমি নিয়ন্ত্রণ করা সম্ভব। বছরে দুবার পরিবারের সবাইকে একসঙ্গে কৃমির ওষুধ খেতে হবে।
এ বিষয়ে জনসচেতনতা তৈরি করতে ও কৃমি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কর্তৃক জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হচ্ছে। একই সঙ্গে আমাদের সবাইকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে।
শ্যামল চৌধুরী
নেত্রকোনা।