স্বাস্থ্য খাতে বাংলাদেশের অগ্রগতি অত্যন্ত প্রশংসার দাবিদার। নবজাত শিশুদের গুরুত্ব দেওয়ায় আমরা অনেক কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছি। সংক্রামক কৃমির বিরুদ্ধেও সরকারের অবস্থান অনেক দৃঢ়। কৃমি ঠেকাতে বিনা মূল্যে কৃমিনাশক বড়ি খাওয়ানো অব্যাহত রয়েছে।
বলা হয়ে থাকে, এই বড়ি পার্শ্বপ্রতিক্রিয়াহীন। কিন্তু এই বড়ি খেয়ে শত শত শিশু অসুস্থ হওয়ায় বাংলাদেশের মানুষ আতঙ্কিত হচ্ছে। শিশুদের জন্য এই বড়ি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর কৃমিনাশক বড়ি খেয়ে অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। সরকারিভাবে এটাকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়। কিন্তু এটা তো গুজব নয়, সত্য। সম্প্রতি বিদেশ থেকে অনুদান হিসেবে পাওয়া কৃমিনাশক বড়ি খেয়ে কয়েক শ শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিদেশি ওষুধ পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দেশের মানুষকে খাওয়ানো কতটুকু সঠিক হয়েছে, তা ভেবে দেখার বিষয়।
মো. আজিনুর রহমান, নীলফামারী।