কৃষি ডিপ্লোমার সিলেবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিপ্রধান আমাদের এই দেশে কৃষির অন্যতম একটি অংশ হচ্ছে মৎস্য সম্পদ ও চিংড়ি সম্পদ। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমার সিলেবাসে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও চিংড়ি সম্পদ ব্যবস্থাপনা এই দুটি বিষয় না থাকায় কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রমে অধ্যয়নরত হাজার হাজার ছাত্রছাত্রী কৃষির এই গুরুত্বপূর্ণ দুটি বিষয় মৎস্য ও চিংড়ি চাষ বিষয়ে কোনো জ্ঞান অর্জন ছাড়াই কৃষি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করছে।
বাংলাদেশ বর্তমানে মাছ চাষে বিশ্বের চতুর্থ দেশ। আর কৃষি ডিপ্লোমা অর্জনকারী একজন ছাত্র সরকারি পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং বেসরকারি পর্যায়ে উন্নয়নকর্মী হিসেবে সরাসরি তৃণমূল পর্যায়ে চাষিদের সঙ্গে কাজ করে। তা ছাড়া, সরকারি বা বেসরকারি পর্যায়ে মৎস্য ও চিংড়ি চাষ বিষয়ে তৃণমূল পর্যায়ে কোনো দক্ষ লোকবল বা কর্মী না থাকায় কৃষি ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী ছাত্রছাত্রীদের মৎস্য ও চিংড়ি সম্পদ বিষয়ে জ্ঞান অর্জন আরও বেশি জরুরি।
তাই দেশের কৃষি খাতের, বিশেষ করে মৎস্য ও চিংড়ি সম্পদ ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রমের সিলেবাসে মৎস্য ও চিংড়ি সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করার জন্য কারিগরি শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি।
শিল্পী, ময়মনসিংহ।