উত্তরাঞ্চলে কৃষির উন্নয়ন ও কৃষিশিক্ষার মান উন্নয়নের জন্য একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকা কৃষি। ধান ও অন্যান্য ফসল উৎপাদনে এই অঞ্চলের মাটি অত্যন্ত উপযোগী। দিনাজপুরের ধান, রংপুরের পাট, পীরগঞ্জের কলা, পঞ্চগড়ের লিচুসহ অন্যান্য ফসলের তুলনা হয় না।
তা ছাড়া জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে দেশের উত্তরাঞ্চলের কৃষিব্যবস্থা ও কৃষিশিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। কেননা জলবায়ু পরিবর্তনের ফলে দেশের দক্ষিণাঞ্চলের কৃষিজমি লবণাক্ত পানিতে তলিয়ে যেতে পারে।
দেশের উত্তরাঞ্চলের মানুষ কৃষিকাজকে বিদেশ গমনের মতো অন্যান্য পেশা থেকেও অনেক ভালো মনে করে। চাহিদা ও উপযোগিতা কাজে লাগাতে এবং কৃষিশিক্ষা ও কৃষিকাজের মান বাড়াতে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চায় এ অঞ্চলের সচেতন মানুষ।
এই অঞ্চলটি দিনাজপুর ও গাইবান্ধা জেলার প্রান্তসংলগ্ন হওয়ায় লাখ লাখ শিক্ষার্থী যানজটমুক্ত গ্রামীণ ও মনোরম পরিবেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। কৃষিশিক্ষা এবং এর বাস্তব প্রয়োগের মাধ্যমে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। যেখানে দিন দিন চাকরি খোঁজা বেকার লোকের সংখ্যা বাড়ছে, সেখানে তঁারা অধিকতর কর্মসংস্থানের সৃষ্টি করে দেশকে সমৃদ্ধ করতে পারবেন।
মো. নুর আলম, রংপুর।