কেউ দায়ী নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি প্রশ্ন কিন্তু থেকেই গেল, শিশুগুলো মারা গিয়েছিল কীভাবে? রিড ফার্মার সবাই খালাস হওয়ার পর এই ব্যাপারটি নিয়ে প্রশ্ন উঠছেই। ২০০৯ সালে প্যারাসিটামল ওষুধ খাওয়ার পরই শিশুগুলো মারা যায় বলে খবর প্রকাশিত হয়েছিল। বলা হচ্ছে, সঠিকভাবে ও সঠিক জায়গা থেকে নমুনা সংগ্রহ না করার কারণে আইনের ফাঁক গলে বেরিয়ে গেলেন আসামিরা। মরহুম ডা. এম আর খানের নেতৃত্বে ল্যাবে টেস্ট করে ইথাইলের বিষাক্ত যৌগ পাওয়া যায় রিড ফার্মার প্যারাসিটামল ও বি কমপ্লেক্সে। কিন্তু তাদের কারখানা থেকে সংগৃহীত ওষুধে নাকি এ ধরনের বিষাক্ত পদার্থ পাওয়া যায়নি। বলা হচ্ছে, বিষাক্ত পদার্থ পাওয়া না গেলেও ওষুধটি ছিল নিম্নমানের!

নিম্নমানের হওয়ার জন্য ওষুধে কী ধরনের উপাদান থাকতে হয়? রাসায়নিক যদি ৯৯.৯৯ ভাগ বিশুদ্ধ হয় তবে ০.০১ ভাগ অপরিশোধিত উপাদান ওই রাসায়নিকে আছে বলে ধরা হয়ে থাকে। ওষুধের মতো এত স্পর্শকাতর একটি ব্যাপারে শুধু নিম্নমানের কথা বলে তাঁদের ছেড়ে দেওয়া হলো। এতগুলো শিশুর মৃত্যু হয়েছিল একটি ওষুধের কারণে। কিন্তু বলা হলো প্রমাণের অভাবে শাস্তি দেওয়া গেল না। তাহলে এই মৃত্যুর দায় কার। অপরাধীদের শাস্তি কি হবে না?

সাঈদ চৌধুরী

গাজীপুর।