শিক্ষামন্ত্রী তাঁর কয়েকটি বক্তৃতায় বলেছেন, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগ পিএসসির আদলে আলাদা কর্তৃপক্ষের মাধ্যমে করার প্রক্রিয়া চলছে। এত দিন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে, তবে মহাপরিচালকের প্রতিনিধি, তথা সরকারি স্কুল-কলেজের শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসার এবং ডিগ্রি পর্যায়ের প্রতিষ্ঠান হলে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ পরীক্ষা গ্রহণ করেন।
বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষকতার জন্য আবেদন করতে হলে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। নিবন্ধন পরীক্ষা অনেকটা পাবলিক সার্ভিস পরীক্ষার অনুরূপ। নিবন্ধিতরা শিক্ষকতা পেশায় আবেদন করতে পারেন। নিয়োগ বোর্ড নিয়োগ পরীক্ষা নিয়ে তাঁদের মধ্য থেকে যোগ্য প্রার্থী বাছাই করে। প্রথম কয়েকটি নিবন্ধন পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলেও পরবর্তীকালে এর মধ্যে দুর্নীতি ঢোকে।
পিএসসির মতো করে পরীক্ষা নেওয়ার মাধ্যমে শিক্ষক নিয়োগ করলে সব স্তরে যেভাবে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে, তাতে এ ক্ষেত্রেও যে প্রশ্ন ফাঁস হবে না, তা নিশ্চিত করা হবে কীভাবে? বর্তমানে কোনো পদ শূন্য হলে পরিচালনা কমিটি তাৎক্ষণিক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে শূন্য পদ পূরণ করে। কমিশনের মাধ্যমে নিয়োগ হলে এ প্রক্রিয়া অনেক দীর্ঘ হবে।
মো. ইয়াছিন মজুমদার, কুমিল্লা।