রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে বলা হয় ‘গরিবের বিদ্যালয়’। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রাজধানীর প্রাথমিক বিদ্যালয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয় মাধ্যমিক বিদ্যালয়ে। যে বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র হয়, সে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হন কেন্দ্রসচিব আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক হন হল সুপার। জেএসসি পরীক্ষায় যে বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র হয়, সে বিদ্যালয়ের শিক্ষার্থী অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে যায় এবং অন্য কেন্দ্রের পরীক্ষার্থী আসে তাদের কেন্দ্রে। ফলে দুই বিদ্যালয়ের মধ্যে তথ্য আদান-প্রদানের এক অলিখিত চুক্তি সম্পাদিত হয় পরীক্ষার আগেই।
প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্রসচিব, তাঁর পরীক্ষার্থীরা তাঁরই বিদ্যালয়ে পরীক্ষা দেয়। কিন্তু যে প্রধান শিক্ষক হল সুপার, তাঁর পরীক্ষার্থীরা পরীক্ষা দেয় অন্য কেন্দ্রে। অন্যদিকে, গরিবের স্কুল নামে খ্যাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী দরিদ্র পরিবারের হওয়ায় টাকা দিয়ে প্রশ্নপত্র কেনা বা ইন্টারনেট থেকে প্রশ্নপত্র বের করার ক্ষমতা বা ইচ্ছা তাদের থাকে না। ফলে ভালো ফলাফলের জয়টিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাগ্যে কখনো জোটে না।
উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়ম হলো, থানা শিক্ষা অফিসে গিয়ে তিন থেকে চার দিনের মধ্যে খাতা দেখে জমা দিতে হবে। কেউ খাতা বাসায় নিতে পারবেন না, যা একজন শিক্ষকের জন্য অতি অসম্মাজনক ও কষ্টকর।
অসম্মাজনক বেতনের দায় মাথায় নিয়ে ‘সামান্য প্রাইমারির শিক্ষক’ উপাধি নিয়ে যুগ যুগ পার হতে হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যাপারে দৃষ্টিভঙ্গির যে বৈষম্য বিরাজ করছে, তার অবসান ঘটানো হোক।
শাকিলা নাছরিন, ঢাকা।