আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডের একজন নাগরিক। সকালে রাস্তায় বের হলে দেয়ালে দেয়ালে দেখি নানা রকমের শুভেচ্ছাবাণী। হাস্যোজ্জ্বল নেতাদের শুভেচ্ছাবাণী দেখতে দেখতে ড্রেনের নোংরা পানিতে পা ডুবিয়ে হাঁটতে হয়। কারণ ড্রেনের পানি উঠে আসে রাস্তায়। যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই।
বছর বছর রাস্তা উঁচু হয়। বাড়িঘর চলে যায় পাতালে। যেখানে-সেখানে গড়ে উঠছে কারখানা। কারখানার বর্জ্য ড্রেনের পানির সঙ্গে মিশে রাস্তায় উঠে আসে। সে পানিতে পা ডুবিয়ে হাঁটার কারণে পায়ে ঘা নিয়ে স্কুল বন্ধ করে শিশুরা ঘরে বসে থাকে। বিশাল বিশাল অট্টালিকা। একটার ছাদের সঙ্গে অন্যটি লাগানো। বাড়ির সামনে নেই পর্যাপ্ত রাস্তা। কোনো দুর্ঘটনা ঘটলে অথবা আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার রাস্তা নেই।
জুরাইনের এই রাস্তার ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে বহুবার নানা পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায়। এলাকাবাসী কমিশনারদের সঙ্গে দেখা করে জানতে চেয়েছেন তাঁদের রাস্তা কবে হবে। কমিশনারও জানেন না এই রাস্তা কবে ঠিক হবে। মাসের পর মাস এ ধরনের মানবেতর পরিস্থিতিতে বসবাসের পরও আমরা কেন সিটি করপোরেশনকে কর দেব। এ প্রশ্নটা এ দেশের দরিদ্র জনগোষ্ঠীর একজন হয়ে আমি কাকে করতে পারি?
শাকিলা নাছরিন, ঢাকা।