টিউটোরিয়ালের নামে ছাত্রদের সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত স্কুলে আটকে রেখে মাসিক টিউশন ফির অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা আদায় করার সঙ্গে ফাইল আটকে ঘুষ খাওয়ার পার্থক্য কী? অবশ্য স্কুল কর্তৃপক্ষের অকাট্য যুক্তি, এটা না করলে স্কুলের ফলাফল খারাপ হবে। তাদের এই উদ্বেগের কারণ হলো ওই স্কুল ফলাফলের দিক দিয়ে গতবার যে স্থানে ছিল এবার তা ধরে রাখতে পারেনি।
এই হলো ঢাকার একটি সফল স্কুলের চালচিত্র। সবার চোখের সামনেই এসব ঘটছে, লাগাম দেওয়ার কেউ নেই। জেএসসি পরীক্ষায় সময় অনেক অভিভাবককে দেখা গেল বিভিন্ন স্কুলের প্রিন্সিপালের নাম ধরে গালিগালাজ করতে। যদি বাচ্চা জিপিএ-৫ না পায় তবে সেই প্রিন্সিপালের গুষ্টি উদ্ধার করা হবে। কারণ, প্রতিবার প্রিন্সিপাল সুবিধামতো সিট প্ল্যান করেিছলেন, কিন্তু এবার সেটা সম্ভব হয়নি। হায়, হারাধনের দশটি ছেলের মতোই কি আমাদের সব মূল্যবোধ হারিয়ে গেল?
এভাবে একটি দেশ বা সমাজ চলতে পারে না। ঘুণে ধরা এই সমাজ পরিবর্তনে ছাত্রছাত্রীদের মেধার চাষ করতে হবে। স্কুলে অনৈতিক কোচিং ব্যবসা বন্ধ করে শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের যথাযথ শিক্ষা দিতে হবে। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ঘুষ নেওয়া-দেওয়া বন্ধ করতে হবে। তাহলে হয়তো আমরা আশার আলো দেখতে পাব।
আহনাফ আবিদ
বনানী, ঢাকা।