কোচিং সেন্টারগুলো ছাত্রছাত্রীদের প্রয়োজনের তাগিদে সৃষ্টি হয়েছে। স্কুলে পড়াশোনা হয় না বলে শত শত শিক্ষার্থী দল বেঁধে ছুটে চলেছে কোচিং সেন্টারগুলোতে।
আর এই সমস্যাকে কাজে লাগিয়ে কোচিং সেন্টারগুলো শিক্ষাকে বাণিজ্যিক রূপ দিতে সফল হয়েছে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। অকালে ঝরে পড়ছে অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর জীবন।
ছাত্রছাত্রীদের কোচিংনির্ভরতা কাটাতে হলে সর্বপ্রথম পরিবর্তন আনতে হবে দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায়। শিক্ষাকে করতে হবে আধুনিক, সৃজনশীল ও যুগোপযোগী। যেন তা সহজেই ছাত্রছাত্রীদের আকর্ষণ করতে পারে। স্কুলের পড়া স্কুলেই শেষ করতে হবে। তাহলে ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীরা আর কখনো কোচিং সেন্টারগুলোতে ছুটবে না।
সমাজে এমনিতেই বৈষম্য আছে, তার পর শিক্ষাক্ষেত্রে যদি এভাবে কোচিং সেন্টারের দৌরাত্ম্য চলতে থাকে, তাহলে তা হবে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো।
মু. শাহীন আখতার, ময়মনসিংহ।