বর্তমান শিক্ষাব্যবস্থার দিকে তাকালে আমরা দেখতে পাই, শহরের ছেলেমেয়েরা গ্রামের ছেলেমেয়েদের তুলনায় শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে। আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম, নামীদামি স্কুল-কলেজ, দক্ষ শিক্ষক-শিক্ষিকা, পর্যাপ্ত শ্রেণিকক্ষ কী নেই তাদের? কিন্তু যারা ছয় ক্রোশ পথ পাড়ি, তিন–চার গ্রাম ডিঙিয়ে, মাথার ওপর বৃষ্টি, পায়ের নিচে কাঁদা উপেক্ষা করে বিদ্যালয়ে যায়, তারা কি এর কিঞ্চিৎ সুযোগ পায়?
আমরা প্রতিবার পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর সংবাদপত্রের কল্যাণে অনেক অদম্য মেধাবী মুখ দেখতে পাই। তারা প্রায় সবাই শহরের।
বড় হতাশ লাগে তখন, যখন পাবলিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বিরাট এক অংশকে ভর্তি করা হয় কোটার মাধ্যমে। বঞ্চিত হতে হচ্ছে গ্রামের অত্যন্ত মেধাবী, প্রতিভাবান ছাত্রটি।
তাই গ্রামের ওই সুবিধাবঞ্চিত ছেলেমেয়ের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটার ব্যবস্থা করে উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।
মো. হারুন-অর-রশীদ
চরপদ্মা, মুলাদী, বরিশাল।