আমি এবার ৩৫তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছি। শুনলাম শতকরা ৫৫ কিংবা ৫৬ শতাংশ বিসিএস ক্যাডার কোটা থেকে নিয়োগ পাবেন। আর বাকি ৪৫ কিংবা ৪৪ শতাংশ মেধা থেকে নিয়োগ পাবেন। শুনে খুবই হতাশায় পড়লাম। কারণ, আমার কোনো কোটা নেই। আমি একজন সাধারণ শিক্ষার্থী।
আমি গত বছর অনেক বেকার যুবককে কোটার বিরুদ্ধে আন্দোলন করতে দেখেছি। আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সেখানে শিক্ষার্থীদের এবং দেশের আরও অনেক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের কোটার বিরুদ্ধে আন্দোলনে উত্তাল হতে দেখেছি। তখন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছিলেন, ‘এই কোটাব্যবস্থা অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না’। তিনি তখনকার প্রেক্ষাপটে সর্বোচ্চ ২০ শতাংশের বেশি কোটা না রাখার পরামর্শ দিয়েছিলেন।
অর্থাৎ এই কোটা ব্যবস্থা নির্দিষ্ট কিছু পিছিয়ে পড়া জাতির জন্য, সাময়িক কিছু সময়ের জন্য চলতে পারে। বর্তমানে যাদের জন্য কোটা ব্যবস্থা চালু আছে, তাদের কেউই এখন আর পিছিয়ে নেই। অতএব আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি, কোটার পরিমাণ কমিয়ে তুলনামূলক বেশি মেধাবীদের সরকারি চাকরিতে যোগদানের সুযোগ দিন।
সুমন, রাজশাহী।