মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম উৎসব হলো ঈদুল আজহা বা কোরবানি। ঈদুল আজহা ত্যাগ ও কোরবানির বৈশিষ্ট্যে মহিমান্বিত। ঈদুল আজহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য কোরবানির মাধ্যমে মূলত মানুষের মধ্যে বিরাজমান পশুশক্তি, কাম, ক্রোধ, লোভ, মোহকেই কোরবানি দেওয়া। এরই প্রতীক হিসেবে পশু কোরবানি করা হয়। সারা দেশে এখন চলছে কোরবানির পশু কেনার জোর প্রস্তুতি।
এ সময় পশুর হাট বসা থেকে পশু কোরবানি করা পর্যন্ত প্রচুর বর্জ্য জমে থাকে। এর সঙ্গে ঘরগৃহস্থালির আবর্জনা যুক্ত হয়ে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি বর্জ্যের সৃষ্টি হয়। আর কোরবানির বর্জ্য দূষিত হয়ে তা থেকে ছড়ায় হাজারো রোগবালাই ৷ তবে একটু সময় নিয়ে আর কিছু নিয়ম মেনে বর্জ্য ব্যবস্থাপনা করলেই এই দূষণ আমরা রোধ করতে পারি। শুধু তাই নয়, এ বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অর্থ উপার্জন করাও সম্ভব। তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনকে আরও বেশি উদ্যোগী হতে হবে।
মো. শাহিনুর ইসলাম
দিনাজপুর।