আমাদের এই সময়ে একমাত্র একতার জায়গা এবং ভালোবাসা ও স্বস্তির জায়গায় হচ্ছে ক্রিকেট। বাংলাদেশ দল এই প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে।
বাংলাদেশ দল প্রসঙ্গে এক পাকিস্তানি ধারাভাষ্যকার এমন মন্তব্য করেছেন, তা ধারাভাষ্যকারের নৈতিকতার মধ্যে পড়ে কি না, আইসিসিকে তা খতিয়ে দেখতে অনুরোধ করছি।
আবার ভারত–বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল নিয়ে ভারতীয় গণমাধ্যম যা করছে, তা–ও মেনে নেওয়া যায় না। এটা কোন ধরনের সাংবাদিকতা আমরা বুঝতে পারি না।
সবচেয়ে বড় কথা হচ্ছে, এটি একটি খেলা। খেলাকে খেলার পর্যায়েই রাখা উচিত। এর সঙ্গে জাতীয়তাবাদ, রাজনীতি মেশানো মোটেও উচিত নয়। যারা এটা করছে, তারা সম্ভবত বাণিজ্যের স্বার্থেই তা করছে।
সেটা করা হলে আখেরে খেলোয়াড়দের জন্যই ক্ষতির কারণ হবে। খেলোয়াড়েরা এমনিতেই যে চাপে থাকে, তার সঙ্গে রাজনীতি যুক্ত হলে তাদের স্নায়ুবৈকল্য ঘটতে পারে।
১৯ মার্চ বাংলাদেশ ও ভারতের মধ্যে কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ ক্রিকেট দল জিতবে, সে আশাই করি।
আর তাদের পাশে আমরা ছিলাম ও আছি এবং ভবিষ্যতেও থাকব। অগ্রিম শুভেচ্ছা রইল বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি।
মুনিরা চৌধুরী
ধানমন্ডি, ঢাকা।