স্বাধীনতার ৪৪ বছর পরও বিসিএসসহ অধিকাংশ বেসামরিক চাকরিতে ৫৬ শতাংশ কোটা আরেক বৈষম্য সৃষ্টি করেছে। এদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৩০ শতাংশ, মহিলা কোটায় ১০ শতাংশ, জেলা কোটায় ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ৫ শতাংশ ও প্রতিবন্ধী কোটায় ১ শতাংশ নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে।
তা ছাড়া বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় মুক্তিযোদ্ধার তালিকাও। ফলে প্রকৃত মুক্তিযোদ্ধার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা। বিদ্যমান কোটা নামক বৈষম্যের ফলে একদিকে যেমন মেধাবীরা হাপিত্যেশ করছে, অন্যদিকে তুলনামূলক কম যোগ্যতাসম্পন্ন কোটাধারীদের বসানো হচ্ছে জনপ্রশাসনসহ গুরুত্বপূর্ণ পদে। তা ছাড়া বিদ্যমান কোটার সঙ্গে দুর্নীতি-স্বজনপ্রীতি তো আছেই।
এ অবস্থায় প্রশাসন মেধাশূন্য হয়ে পড়ছে। অতএব, কোটা পদ্ধতি রহিত করে শুধু মেধার ভিত্তিতে সরকারি চাকরির সব পদে নিয়োগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
মিজান মশিউর
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।