প্রতিবছরের মতো আবারও মুসলিম ধর্মাবলম্বীদের দোরগোড়ায় পবিত্র ঈদুল আজহা, যা কোরবানির ঈদ উৎসব হিসেবে পরিচিত। পশু কোরবানির মাধ্যমে মানুষকে ত্যাগের মহিমা শিক্ষা দেয় এ ঈদ।
গত বছরের মতো এবারও করোনা মহামারির নানা বিধিনিষেধের মধ্যে ঈদুল আজহা পালিত হতে যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর মিছিলটাও হচ্ছে লম্বা। এমনকি চলতি জুলাই মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখেছে বাংলাদেশ।
গবেষকেরা বলছেন, করোনায় বাংলাদেশ উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাই আমাদের সচেতন থাকা ছাড়া কোনো উপায় নেই, স্বাস্থ্যবিধি মানতেই হবে।
কোরবানি ঈদে মহান আল্লাহর নৈকট্য লাভ করার জন্য পশু কোরবানি করতে হয়। ফলে পশু ক্রয়–বিক্রয় করার জন্য দেশের নানা প্রান্তে হাটবাজার বসে থাকে। মহামারি মোকাবিলায় সারা দেশে প্রায় ১৫ দিন কঠোর বিধিনিষেধ চলমান ছিল, ফলে হাটবাজারসহ সব ধরনের যোগাযোগব্যবস্থা বন্ধ ছিল।
কিন্তু ঈদ উৎসব উপলক্ষে সরকারি সিদ্ধান্ত মোতাবেক গণপরিবহনসহ সবকিছুই কয়েক দিনের জন্য চালু করা হয়েছে। যানবাহনসহ শপিং মলগুলোতে জনসমাগম দেখা যাচ্ছে।
গণপরিবহনে যাতায়াত, পশু ক্রয়–বিক্রয়, ঈদের নামাজ সবকিছুতেই যেন স্বাস্থ্যবিধি ঠিক থাকে, এ ব্যাপারে সচেতন থাকতে হবে। এমনকি পশু জবাই করার পরে পশুর মলমূত্র, রক্তসহ সব বর্জ্য দ্রুত পরিষ্কার করে ফেলা একান্তই জরুরি।
খেয়াল রাখতে হবে, নিজের একটু অসচেতনতা যেন ভবিষ্যতে ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। তাই প্রত্যেকের সঠিকভাবে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব মেনে চলা জরুরি। ব্যক্তি সচেতনতার পাশাপাশি প্রশাসনকেও জোরালো ভূমিকা রাখতে হবে।
মো. তামিম সিফাতুল্লাহ
শিক্ষার্থী, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা
রাজশাহী সদর