ধারণা করা হচ্ছে, এ বছর ঈদুল আজহায় প্রায় ৪০ লাখ পশু কোরবানি হবে। বিপুলসংখ্যক পশুর বর্জ্যনিষ্কাশনে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে পরিবেশের জন্য বড় হুমকি হতে পারে। একটু খেয়াল আর সচেতনতাই পারে অস্বাস্থ্যকর পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব থেকে আমাদের রক্ষা করতে।
বিক্ষিপ্তভাবে পশু কোরবানি না দিয়ে সবাইকে একটি নির্দিষ্ট স্থানে জবাই করে পশুর বর্জ্য পরিকল্পিত ব্যবস্থাপনায় অপসারণ করতে হবে। স্থানটি খোলামেলা ও আবাসিক এলাকা থেকে দূরে রাস্তা–সংলগ্ন হলে কাজটি সহজ হবে।
ঢাকায় কোববানির জন্য কিছু জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকবাসীর উচিত হবে এই নতুন নিয়ম অনুযায়ী কাজ করা এবং প্রথমবারে মতো কার্যকর হতে যাওয়া এই ব্যবস্থাকে সফল করে তোলা।
সরকারের উচিত, পর্যায়ক্রমে একটি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নীতি প্রণয়ন করে সরকারি, বেসরকারি, সামরিক, আধা সামরিক, সিটি করপোরেশন, পৌরসভাসহ সব প্রতিষ্ঠানের সুইপার পদে নিয়োজিত ব্যক্তিদের বর্জ্য অপসারণ, নিষ্কাশন ও ব্যবস্থাপনায় আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা। পাশাপাশি আমাদের অপসারিত বর্জকে কল্যাণমুখী কাজে লাগানোর উদ্যোগ গ্রহণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যোগী হতে হবে।
মো. রেদোয়ান হোসেন
কাউখালী, পিরোজপুর।