ক্রিকেটে বাংলাদেশ প্রভূত অগ্রগতি অর্জন করেছে। এটা আমাদের জন্য গৌরবের। কিন্তু সেই তুলনায় দেশে ক্রিকেটের অবকাঠামো অতটা শক্তিশালী নয়। এমনকি স্টেডিয়ামও খুব বেশি নেই। মিরপুর স্টেডিয়াম ছাড়া বাংলাদেশের অন্য ক্রিকেট স্টেডিয়ামগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এম এ আজিজ স্টেডিয়াম, কক্সবাজার শেখ কামাল স্টেডিয়াম, নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বগুড়ায় একটি স্টেডিয়াম থাকলেও সম্ভবত রাজনৈতিক কারণে সেখানে আন্তর্জাতিক খেলা হয় না। এ ছাড়া বাংলাদেশের পুরোনো বড় কয়েকটি জেলায় আরও স্টেডিয়াম নির্মাণ করা সম্ভব। যেমন রাজশাহী ও ময়মনসিংহের মতো শহরে অবকাঠামো আছে, চাইলে সেখানেও স্টেডিয়াম করা যায়।
আমলাতান্ত্রিক ও রাজনৈতিক বিবেচনায় জাতীয় ক্রিকেট দলের শতকরা প্রায় ৯৯ ভাগ খেলাই মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে অবশ্য বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দুটি ম্যাচ চট্টগ্রামে নিয়ে যাওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। শুধু ঢাকা-চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশেই এই ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে হবে। তা না হলে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারব না।
এস এম রওনক রহমান
পাবনা।