ক্রিকেট মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে বাংলাদেশ এখন শক্তিশালী দলগুলোরই একটি। তবে একটি জায়গায় বাংলাদেশ এখনো অন্যান্য টেস্ট খেলুড়ে দেশের তুলনায় অতি নাজুক অবস্থায় আছে। আর তা হলো, দেশে আন্তর্জাতিক মাঠের সংকট। কেনিয়া হোক, তা–ও মিরপুরে ম্যাচ; জিম্বাবুয়ে-আফগানিস্তান-আয়ারল্যান্ড হোক, তা–ও মিরপুর। আবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারত হোক, তা–ও মিরপুর। এটা বাংলাদেশের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর। একটা টেস্ট খেলুড়ে দেশে স্পেশাল মাঠ বলে কি কিছু থাকবে না?

সারা দেশে অন্তত চারটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ কি এতই কঠিন? তা ছাড়া, ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে এমন মাঠের সংখ্যাও তো চারটি। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মতো দল টেস্ট ম্যাচ খেলে গেছে আরও ১১ বছর আগে। তাহলে সেই মাঠটির কী হলো? এ ছাড়াও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামও বিশেষভাবে উল্লেখযোগ্য। এ মাঠেও শ্রীলঙ্কার মতো দল খেলে গেছে সেই কবে।

বগুড়ায় থাকার সময় দেখেছি, একটা জেলায় কোনো আন্তর্জাতিক ম্যাচ হলে, সেখানটায় কেমন ঈদের মতো আনন্দ-উৎসব বিরাজ করে। তাতে করে মানুষ আরও বেশি করে ক্রিকেটমুখী হয়। একই সঙ্গে খেলার উপকরণ ও সুযোগ পাওয়াও সহজ হয়। এই বিবেচনায় দেশে আরও আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ দরকার।  

আবদুল্লাহ আল হাদী

সাভার।