তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে বাংলাদেশে তামাক পণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ। একই সঙ্গে এর পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও তামাক কোম্পানির প্রমোশন ও ব্র্যান্ডিংসংক্রান্ত তেমন কোনো বিধান নেই। এ সুযোগে কোম্পানিগুলো দেশব্যাপী তামাক ব্যবসা বাড়াতে নিত্যনতুন কূটকৌশল অবলম্বন ও আগ্রাসী কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত রেখেছে।
তামাক নিয়ন্ত্রণ আইনের ৫ নম্বর ধারা অনুযায়ী, দেশে তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো ব্যক্তি এই ধারার বিধান লঙ্ঘন করলে অনূর্ধ্ব তিন মাস বিনা শ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তবে এই আইন প্রণয়নে কেবল এফসিটিসির ১৩ নম্বর ধারা অনুসরণ করা হয়েছে।
ফলে আইনি দুর্বলতাকে কাজে লাগিয়ে তামাক কোম্পানিগুলো তাদের মৃত্যু ব্যবসা দাপটের সঙ্গেই চালিয়ে যাচ্ছে। বাজারজাতকরণ খাতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে কোম্পানিগুলো নতুন নতুন ধূমপায়ী সৃষ্টি করছে।
তামাক নিয়ন্ত্রণ আইনটি যথেষ্ট শক্তিশালী। এটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। মনে রাখতে হবে, জনস্বাস্থ্য সবার ওপরে।
এ বি এম জুবায়ের
মিরপুর, ঢাকা।