ক্ষতিগ্রস্ত চলনবিলের কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের চলনবিলবাসী ইরি মৌসুমে চলনবিলের বিশাল মাঠজুড়ে ধান চাষ করেন, যা দেশের বিপুল পরিমাণ চাহিদা পূরণ করে থাকে। ধানই যেন চলনবিলের প্রাণ। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন চলনবিলের কৃষকেরা। শরীরের ঘামে উৎপাদিত প্রিয় পাকা ধান কেটে বাড়িতে তুলতে পারছেন না তাঁরা। পাকা ধানের জমিতে পানি জমে গেছে। ফলে ধানে পচন ধরেছে। যঁারা আধা পাকা ধান কেটেছেন, তাঁদের জমিতেই তা রেখে দিতে হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে তাঁরা জমি থেকে বাড়িতে ধান নিতে পারছেন না। ধান মাড়াই ও শুকানো যাচ্ছে না।

জমিতে যেসব ধান রয়েছে, তাতে বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। ফলে ধানের ফলন অর্ধেকে নেমে এসেছে। প্রতি একরে সেচের জন্য তেল, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ যে হারে খরচ হয়েছে, সেটাও ওঠানো সম্ভব হবে না।

তাঁদের পুঁজি ও লাভের পরিমাণ শূন্যের কোঠায় নেমে আসবে। তাঁরা কৃষিঋণ ও তেল-সার বাবদ ঋণ পরিশোধ করতে পারবেন না।
সারা বছরের খোরাক জমানো কষ্টকর হবে। এ রকম দুর্যোগে চলনবিলের কৃষকদের কৃষিঋণ মওকুফ করে জীবিকার জন্য পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হোক।

মোহাম্মদ অংকন, ঢাকা।