গত শনিবারের কালবৈশাখীতে বগুড়ার ধুনট উপজেলায় বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার বহু মানুষ অসহায় ও দিশেহারা হয়ে পড়েছে। তা ছাড়া, বেশ কয়েকটি জায়গায় প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে নারী, শিশুসহ অনেক মানুষ।
ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি, গাছপালা, রক্ষা পায়নি গবাদিপশু-পাখিও। বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় স্কুল, কলেজ, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যা ক্ষয়ক্ষতির তুলনায় খুবই সামান্য।
এমনকি দেশের সংবাদমাধ্যমগুলোতেও এ তাণ্ডবের খবর তেমন একটা আসছে না। তারা সবাই এখন সিটি নির্বাচন নিয়ে ব্যস্ত। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষেরা প্রায় সবাই দরিদ্র। তাঁদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে সরকার ও সমাজের ধনবান ব্যক্তিদের।
মোহাম্মদ আলী সুজন
বগুড়া।