ক্ষুদ্রঋণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রায় সাড়ে তিন দশকব্যাপী চলার পর একসময়ের ব্যাপক সাড়া জাগানো ক্ষুদ্রঋণ কার্যক্রম এখন অনেকটাই আকর্ষণহীন, গতিহীন। অধিকাংশ ক্ষুদ্রঋণ পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) ক্ষুদ্রঋণ কার্যক্রম সংকুচিত করে বিভিন্ন ধরনের নিরাপদ, টেকসই ও লাভজনক কর্মকাণ্ডের দিকে ঝুঁকেছে। অবশ্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডসহ (বিআরডিবি) দু-একটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামাঞ্চলে এখনো কিছু ক্ষুদ্রঋণ কর্মসূচি/প্রকল্প চালু আছে।

বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে সরকারি কোনো প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ প্রকল্প/কর্মসূচি চালানোর প্রয়োজনীয়তা বা আদৌ যৌক্তিকতা আছে কি না, তা যথাযথভাবে মূল্যায়ন করার সময় এসেছে। যে দরিদ্র জনগোষ্ঠীর ক্ষুদ্রঋণের চাহিদা আছে, তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা দরকার।

একই সঙ্গে, আত্মকর্মসংস্থানমূলক ও অপেক্ষাকৃত দ্রুত সময়ে স্বাবলম্বী হওয়া যায়—এমন কার্যক্রমে তাদের সম্পৃক্ত করার পন্থাগুলো খুঁজে বের করে তা বাস্তবায়ন করা বেশি জরুরি। পাশাপাশি বর্তমানে সরকারি ক্ষুদ্রঋণ প্রকল্প/কর্মসূচিতে সারা দেশে যেসব কর্মচারী অস্থায়ীভাবে নিয়োজিত আছেন, তাঁদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক/সেবামূলক কর্মকাণ্ডে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

শাহীদুল আযম

ঢাকা।