কয়েনের ব্যবহার দিনকে দিন কমে যাচ্ছে। ইদানীং কয়েন সংগ্রহকারীরা বিপদে পড়েছেন। কারণ, দোকানি ও ব্যাংক কেউই কয়েন নিতে চায় না। এমতাবস্থায় কয়েন সংগ্রাহকেরা নিজেদের অপরাধী মনে করেন। সরকার প্রবর্তিত কয়েন বা কাগুজে নোট যখন বাতিল করা হয়, তখন নোটিশ বা খবরের মাধ্যমে সর্বসাধারণকে অবগত করা হয়। জানা মতে, সরকার এখনো কয়েন বাতিলের নোটিশ জারি করেনি। তাহলে দোকানি বা ব্যাংক কয়েন নেবে না কেন? কয়েন সংগ্রহের সঙ্গে এ দেশের কুমার ও প্লাস্টিক শিল্পের শ্রমিকেরা জড়িয়ে আছেন। তাঁরা তালা, ফল, পশু, পাখি ইত্যাদি মডেলের ব্যাংক তৈরি করে বাজারজাত করেন। এখন যদি দোকানি বা ব্যাংক কয়েন গ্রহণ না করে, তাহলে মানুষ কয়েন জমানোয় নিরুৎসাহিত হবে।
এ অবস্থায় সরকারের উচিত হবে ব্যাংক ও দোকানিদের কয়েন গ্রহণে উৎসাহিত করা। অথবা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েন না নেওয়ার জন্য শাস্তির বিধান করা। কর্তৃপক্ষ যত দ্রুত পদক্ষেপ নেবে, ততই জনগণের ভোগান্তি কমবে।
মো. নূরুন্নবী, টাঙ্গাইল।