এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুসারে, পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী দিন থেকে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এবং অন্যদিকে উপজেলা শিক্ষা অফিসের খাতা সঠিকভাবে মূল্যায়নের জন্য পরীক্ষক নিয়োগ দেওয়ার কথা।
পরীক্ষকেরা (শিক্ষক) সঠিকভাবে খাতা মূল্যায়ন করে নিরীক্ষকদের কাছে ফলাফলসহ খাতা জমা দেবেন, এটাই রীতি। নিরীক্ষকেরা আবার খাতা যাচাই-বাছাই ও ফলাফল দেখে প্রধান পরীক্ষকদের কাছে খাতা জমা দেবেন। প্রধান পরীক্ষক সেই খাতা দেখে উপজেলা শিক্ষা অফিসারের কাছে ফলাফল জমা দেবেন। পরীক্ষকই প্রথম কষ্ট করে খাতা দেখেন আর, পরীক্ষকের ভুল সংশোধনের জন্য তা নিরীক্ষণ করা হয়। অথচ পরীক্ষকের কাজে নিয়োজিত শিক্ষকেরা জনপ্রতি ২০০ খাতা দেখার জন্য মাত্র তিন দিন সময় পান। ২০০ খাতা তিন দিনে দেখা যেমন কষ্টসাধ্য, তেমনি এর মাধ্যমে সঠিকভাবে মেধা যাচাই করাও সম্ভব নয়। তা ছাড়া, তাঁদের যে পারিশ্রমিক দেওয়া হচ্ছে, সেটাও অনেক কম। তাই পরীক্ষকের খাতা মূল্যায়নের সময় ন্যূনতম সাত দিন করার পাশাপাশি তঁাদের সম্মানী বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।
সারমিন আক্তার
সহকারী শিক্ষিকা, পিরোজপুর।