খাদ্যে ভেজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ পাঁচটি অধিকার জন্মগতভাবে লাভ করার দাবিদার, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্য। কিন্তু খাদ্যের মধ্যেই যদি ভেজাল থাকে, তাহলে নানা ধরনের অসুস্থতাসহ মানুষের জীবনই বিপন্ন হতে বাধ্য। সম্প্রতি এক গবেষণায় জানা যায়, ভেজালমুক্ত খাবার গ্রহণ করতে পারলে মানুষের আয়ু ১০ থেকে ১৫ বছর বাড়ে। খাদ্যে ভেজালের যে ভয়াবহ চিত্র মানুষের সামনে উন্মোচিত হয়েছে, তাতে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না।
এমন কোনো খাদ্য উপকরণ নেই, জাতে ভেজাল বা ক্ষতিকর উপাদান মেশানো হচ্ছে না। চাল, ডাল, আটা, ময়দা—সবকিছুতেই এখন ভেজাল। চালে পাথর-বালু মেশানো একটি নিত্যনৈমিত্তিক প্রক্রিয়া। বাজারের বেশির ভাগ ডালে ভেজাল ও খাবার অনুপযোগী। ডালে থাকে ক্ষতিকর রং ও ছত্রাক। তা ছাড়া ডালে মাইটোক্রিন নামের বিষাক্ত রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। পাউরুটি, বিস্কুট, আটা, ময়দায় ৯০ ভাগ ভেজাল ও খাওয়ার অনুপযোগী।
বিশেষজ্ঞদের মতে, বিষাক্ত ও রংমিশ্রিত খাবার ডায়াবেটিস ছাড়াও কিডনি, লিভারসহ অন্যান্য অঙ্গে ক্যানসারের কারণ। তা ছাড়া, বাজারের মিনারেল ওয়াটারের নামে যা পাওয়া যায়, তার ৯৬ ভাগই পানের অযোগ্য। যারা এ ধরনের ভেজাল মেশায়, তারা মানুষ নামের কলঙ্ক। ভেজালের সঙ্গে জড়িত লোকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে খাদ্যদ্রব্যকে ভেজালমুক্ত করতে হবে। পাশাপাশি জনগণকে এ ব্যাপারে সচেতন হতে হবে।
প্রসেনজিৎ চক্রবর্তী, শ্রীমঙ্গল।