খাদ্য মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম, খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। কিন্তু পচা, বাসি, ভেজাল বা বিষাক্ত দ্রব্য মানুষের খাদ্য হতে পারে না।
এটা মানবদেহের জন্য বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় শিশুদের। কারণ, তাদের পক্ষে ক্ষতিকর উপাদানের প্রতিক্রিয়া প্রতিরোধ করার ক্ষমতা খুবই কম।
অনেক সময় এই ধরনের দূষিত খাবার মানব দেহে বিষক্রিয়ার সৃষ্টি করে, যা মানুষের মৃত্যুর কারণও হতে পারে।
অথচ দিন দিন আমাদের দেশে খাদ্যে ভেজালের প্রবণতা বেড়েই চলেছে। বর্তমানে খাদ্যে ভেজাল এমন পর্যায়ে রয়েছে যে দেশের বাজারে ভেজালমুক্ত খাদ্য পাওয়াই কঠিন।
এ ছাড়া এমন জটিল ও সূক্ষ্ম প্রক্রিয়ায় খাদ্যে ভেজাল দেওয়া হয়, যা সাধারণ ক্রেতা বা খুচরা ব্যবসায়ীদের পক্ষে অনুমান বা শনাক্ত করাও খুব কঠিন।
সুতরাং যে কোনো উপায়ে দেশের সর্বত্র ভেজালমুক্ত খাদ্যদ্রব্য নিশ্চিত করতে হবে। মাঝে-মধ্যে সারা দেশেই প্রশাসন ভেজাল বিরোধী অভিযান চালানো হয়।
কিন্তু ভেজাল শনাক্তকারী সঠিক যন্ত্রপাতি ও জনবলের অভাবে এই সকল অভিযানের সুফল তেমন পাওয়া যায় না। এ ছাড়া ভেজালবিরোধী অভিযানগুলো পরিকল্পিতভাবে পরিচালনা করা হয় না। ফলে অনেক সময়ই বাজারে অযথা অস্থিরতা সৃষ্টি হয়। আমাদের মনে রাখতে হবে, এই ভেজালের জন্য বাজারের খুচরা বিক্রেতাদের চেয়ে উৎপাদনকারী,সরবরাহকারী ও পাইকারি বিক্রেতারাই বেশি দায়ী।
মানুষের অতি প্রয়োজনীয় খাদ্য নিয়ে অনিয়ম মেনে নেওয়া যায় না। খাদ্যে ভেজাল অমানবিক ও ক্ষমার অযোগ্য অপরাধ। এর বিরুদ্ধে সুপরিকল্পিত ব্যবস্থা নিতে হবে। ভেজাল বিরোধী অভিযান যেন ব্যবসায়ীদের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে দিকে খেয়াল রেখেই ব্যবস্থা নিতে হবে।
বিপ্লব
ফরিদপুর।