খাবার স্যালাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন কথা হচ্ছিল মধ্যবয়স্ক একজন পোশাকশ্রমিকের সঙ্গে। দোকানে গিয়ে একটি ওরস্যালাইন কিনে বোতলে গুলিয়েই খেয়ে ফেললেন পুরোটা। তঁাকে দেখে মনে হচ্ছিল না তিনি বেশি অসুস্থ বা পানিশূন্যতায় ভুগছেন। আমি জিজ্ঞেস করলাম, ‘আপনি অসুস্থ?’ তিনি আমাকে বললেন, না। আমি বললাম ‘স্যালাইন খেলেন যে?’ তাঁর উত্তর, ‘এটা তো আমরা প্রতিদিন দুই প্যাকেটও খাই। একটু কাজ করার পর ঘেমে গেলে বা মাথা ঘোরালেই স্যালাইন খেয়ে নিই।’

তঁার কথায় আমি খুব অবাক হলাম। খাবার স্যালাইন ডায়রিয়া নিরাময়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শুধু তাই নয়, খাবার স্যালাইন আবিষ্কার হওয়ার ফলেই জীবন বেঁচেছে কোটি মানুষের। শরীর ঘামলে কিছুটা পানিশূন্যতার সৃষ্টি হয় এটা স্বাভাবিক। কিন্তু এক প্যাকেট স্যালাইন খাওয়ার মতো পানিশূন্য শরীর কখন হয় সে ব্যাপারে আমাদের ধারণা নেই। শরীরের পানিশূন্যতায় এর ব্যবহার সত্যিই ম্যাজিকের মতো।

কিন্তু এর বিপরীত ব্যবহারও দেখা যাচ্ছে ইদানীং। কেউ একটু ঘামছে অথবা কাজ করে ক্লান্ত হচ্ছে বলে অমনি খেয়ে নিচ্ছে স্যালাইন। এমনকি দিনে দুটি অথবা তিনটিও। আসলে স্যালাইন খাওয়ার ফলে রক্তে যে লবণের ক্রিয়া হয় তা সব ধরনের শরীরের জন্য কতটা উপকারী আমরা কি তা জানি? যদি কারও উচ্চ রক্তচাপ থাকে আর সে না জেনে এভাবে স্যালাইন খায়, তাহলে তার মারাত্মক অবস্থা হতে পারে।

তাই এ ব্যাপারে আমাদের সচেতনতা প্রয়োজন।

সাঈদ চৌধুরী, গাজীপুর।