খুলে দাও চবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেশনজট নামের যে অভিশাপ প্রায়ই ছাত্রজীবনকে বিষিয়ে তোলে, তা বেশ ভালোভাবেই বিদ্যমান দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তার ওপর যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খামখেয়ালি মনোভাব, যা ২৭ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়। সামান্য ব্যাপার নিয়ে ঘোষিত ও অঘোষিত বন্ধ মিলে বিশ্ববিদ্যালয় বন্ধ আছে প্রায় দুই মাস ধরে। ছাত্রদের ভাগ্য নিয়ে খেলতে যেন ভালোই মজা পাচ্ছেন সিদ্ধান্ত গ্রহণের আসনে বসে থাকা কতিপয় শিক্ষক। এ জন্য সবার আগে দায়ী হীন ছাত্ররাজনীতি। কিছু স্বার্থবাদী ছাত্রের কারণে আজ বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার ছাত্রছাত্রীর ভাগ্য তালাবদ্ধ। এর সঙ্গে যোগ হয়েছে শিক্ষকদের ক্লাস বর্জননীতি (আসলে রাজনীতি)। অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে উপাচার্য দীর্ঘ বন্ধ ঘোষণা করে দিলেন। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যরা এই সমস্যার সমাধান প্রায় করেই ফেলেছে। সেখানে চবি কেন পারছে না? কার দায়িত্ব এর সমাধান করা? স্বপ্নময় সুন্দর সময়গুলো কেন হারিয়ে যাচ্ছে?
আমি বিবিএ শেষ করব আগামী নভেম্বর-ডিসেম্বরে। কিন্তু আমার বন্ধু নোমান, মিজান, বিজয় এখনো তৃতীয় বর্ষ শেষ করতে পারেনি। কবে পারবে, তা তারা জানে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন, দয়া করে আমাদের ভাগ্যকে জিম্মি করবেন না। অনতিবিলম্বে খুলে দিক ছাত্রদের প্রিয় ক্যাম্পাস।
আরিফ আহমেদ, শিক্ষার্থী, চট্টগ্রাম।