রাজধানী ঢাকা শহর থেকে শিশু-কিশোরদের খেলার মাঠ হারিয়ে যেতে বসেছে। খালি পড়ে থাকা জমি দখলের পরিক্রমায় রাজধানীতে এখন খেলার মাঠ খুঁজে পাওয়া ভার। রাজধানীতে যেসব খেলার মাঠ ছিল, সেগুলোর অধিকাংশই বেদখল হয়ে গেছে। খেলার মাঠ দখল করে সেই জায়গায় ঘরবাড়ি ও বহুতল মার্কেট নির্মাণ করা হচ্ছে।
বর্তমানে হাতে গোনা যে কয়েকটি খেলার মাঠ রয়েছে, সেগুলোর অবস্থাও ভালো নয়। ফলে রাজধানীর অধিকাংশ শিশু-কিশোর খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। বর্তমান প্রজন্ম মাঠে খেলাধুলা করতে না পেরে মোবাইল ও কম্পিউটারে গেমস খেলায় আসক্ত হয়ে পড়ছে। যন্ত্রনির্ভর খেলাধুলায় আসক্ত হওয়ায় তারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে তারা পড়াশোনায় ঠিক মনোযোগী হচ্ছে না। তরুণ প্রজন্মের সুস্থ বিকাশের জন্য খেলার মাঠ একটি অপরিহার্য বিষয়। মাঠে খেলাধুলা করলে যেমন শারীরিক সামর্থ্য বাড়ে, তেমনি মন সতেজ হয়।
এ ছাড়া অভিজ্ঞতা থেকে দেখা যায়, যারা মাঠে নিয়মিত খেলাধুলা করে, তারা অধিকাংশই বিপথগামী হয় না। কাজেই রাজধানীতে খেলার মাঠের সংখ্যা বাড়াতে হবে। বেদখল হয়ে যাওয়া সরকারি মাঠগুলো পুনরুদ্ধার ও সংস্কার করে সেগুলো খেলার উপযোগী করতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি হওয়া দেশের উন্নতির সহায়ক—এটা মনে রাখা দরকার।
উজ্জ্বল দাস পোদ্দার
ঢাকা।