খোঁড়াখুঁড়ি ও জনভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীজুড়ে অলিগলিসহ রাজপথে চলছে ব্যাপক খোঁড়াখুঁড়ি। প্রতিবছর বর্ষা মৌসুমের আগে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্ট ভোগান্তি নগরবাসীর জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে বাড়তি উপহার।
এমনিতেই ঢাকার যানজট অসহনীয়, তার ওপর অধিকাংশ রাস্তা একযোগে কাটার কারণে ঢাকায় চলাচল করা রীতিমতো দুঃসাধ্য হয়ে পড়েছে। বিনিয়োগ বোর্ডের এক গবেষণায় দেখা গেছে, যানজটের কারণে বাংলাদেশের মোট জিডিপির ৭ শতাংশ নষ্ট হচ্ছে। এই যানজট দূর করা গেলে বাংলাদেশের মাথাপিছু আয় বাড়ত আরও ৬ হাজার ২৮০ টাকা।
শুধু আর্থিক ক্ষতিই নয়, পরিবেশগত ক্ষতি, স্বাস্থ্যহানি, সময়ের অপচয়সহ আরও নানা ভোগান্তিতে মানুষের জন্য যানজট এখন এক অভিশাপের নাম।
আসন্ন বর্ষা মৌসুমের আগে এই কাজ শেষ না হলে রাজধানীবাসীর জন্য তা হবে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’-এর মতো। এমনিতেই সামান্য বৃষ্টিতে সড়ক জলমগ্ন হয়, আর রাস্তা কাটা থাকলে যে জলজট হবে তা হবে রীতিমতো ভয়াবহ। কেননা, পানিতে সয়লাব রাস্তার কোথায় গর্ত আর কোথায় রাস্তা তা বোঝার উপায় থাকে না। রাজধানীর যদি এই হালহকিকত হয়, তাহলে আমাদের দুই মেয়র মহোদয়ের সুন্দর সুন্দর আশার বাণী কি আমাদের আশান্বিত করবে?
সাবিনা পারভীন, ঢাকা।