মাননীয় প্রধানমন্ত্রী,
বিভিন্ন সংবাদমাধ্যম ও আপনার প্রচারিত ভাষণে আমরা অবগত হয়েছি, বর্তমানে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
আমরা প্রবাসী, আমরা পরবাসী, আমাদের বিভিন্ন নামে অভিহিত করা হয়, কিন্তু আমরা মনেপ্রাণে বাংলাদেশি। মধ্যপ্রাচ্য, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্নভাবে তাঁদের কষ্টার্জিত আয় দেশে পাঠিয়ে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে অবদান রেখে চলেছেন। বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ১৫৩০ কোটি মার্কিন ডলারেরও বেশি (রেকর্ড সংখ্যক) রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা এযাবৎকালের মধ্যে সর্বাধিক।
বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই বলেছে, বাংলাদেশকে পরিপূর্ণভাবে বসবাসের উপযোগী হিসেবে গড়ে তুলতে পারলে যুক্তরাষ্ট্রই হবে প্রবাসী–আয়ের প্রধান উৎস।
মাননীয় প্রধানমন্ত্রী,
আপনার নিকট প্রবাসীদের প্রাণের দাবি, আমাদের দ্বৈত নাগরিকত্ব প্রদান করা হোক, যাতে প্রবাসীরা নির্বিঘ্নে ওয়ারিশান মালিকানা ভোগদখল করতে পারে, প্রণোদনাস্বরূপ বন্ড ইস্যু করা হোক, যাতে অর্থ প্রেরণ ও আনা সহজ হয়। প্রবাসীদের মৌলিক সমস্যা সমাধানকল্পে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সর্বোপরি প্রবাসীবান্ধব আইন প্রণয়ন করা হোক, যাতে প্রবাসীরা আরও দ্বিগুণ উৎসাহে স্বদেশে বিনিয়োগ করে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে আশু সমাধানের ব্যবস্থা নেওয়া হোক। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো ও তার উৎপাদনমুখী ব্যবহার নিশ্চিত করতে যেকোনো পদক্ষেপকেই আমরা স্বাগত জানাই।
মো. বেলায়েত হোসেন, মার্কিন যুক্তরাষ্ট্র।