সরকারের বেশ কিছু পদক্ষেপের কারণে মনে হচ্ছে, তারা দেশের মানুষকে একটি নির্দিষ্ট লাইনে রাখতে চায়। বিরোধী মত সহ্য করতে নারাজ।
দলীয় প্রতীকে পৌর ও ইউনিয়ন পরিষদের নির্বাচন একটি ঐতিহাসিক ভুল। এ নির্বাচনে তৃণমূলে জনগণের মন ভেঙে গেছে এবং ঘরে ঘরে সৃষ্টি হয়েছে হানাহানি, পরিণামে গেছে শতাধিক মানুষের জীবন। এ নির্বাচনে তো সরকার পরিবর্তন হয় না, ফলে এটা নিয়ে সরকারের এত মরিয়া হওয়ার কিছু ছিল না।
অন্যদিকে সরকার যে প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে, সেটাও জনগণের সচেতন অংশকে ব্যাপক নাড়া দিয়েছে, যেখানে এক মাস পত্রিকা বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। আমরা মনে করি, এ সুপারিশ আইনে পরিণত হলে ৫ জানুয়ারির নির্বাচন নিয়েও প্রশ্ন তোলা যাবে না।
কথা হচ্ছে, সরকার দেশের প্রকৃত সংবাদ না পেলে কীভাবে টেকসই উন্নয়ন করবে? গণমাধ্যমের কাজ তো জনসংযোগ করা নয়, প্রকৃত সত্যকে তুলে আনাই তার কাজ। এ ছাড়া আধুনিক গণতান্ত্রিক বিশ্বে যেখানে সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র সমার্থক হিসেবে বিবেচিত, সেখানে সংবাদপত্র বন্ধ করার মতো উদ্যোগ সরকারের জন্য আত্মঘাতী হবে। একইভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন করার প্রয়োজনীয়তাও বোধগম্য নয়। ইতিহাস কখনোই সরলরৈখিক নয়, তার গতিপথে নানান বাঁক থাকে। তাই ইতিহাসের স্রেফ একটি ভাষ্য থাকতে পারে না। কথা হচ্ছে, এভাবে সরকার দমন–পীড়ন চালালে তার ফল ভালো হয় না।
নুরুল আমিন, ঢাকা।