গণপরিবহনে নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপরিবহন-সংকট ও এর নানামুখী ভোগান্তি মোকাবিলা করা যেন এখন নাগরিক সমাজের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু গণপরিবহনের এই ভোগান্তি পুরুষের জন্য যতটা না, তার চেয়ে নারীর জন্য অনেক বেশি। বিশেষ করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরে এর প্রভাব লক্ষণীয়। গৃহস্থালিকাজের পাশাপাশি জীবন-জীবিকার তাগিদে নারীকেও প্রতিদিন ঘরের বাইরে কর্মক্ষেত্রে যেতে হয়। কিন্তু গণপরিবহনে নারীকে প্রতিনিয়তই নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
অনেক ক্ষেত্রে পুরুষের মতো নারীর গন্তব্যে পৌঁছানোর সমান তাগিদ থাকলেও কন্ডাক্টররা ‘সিট খালি নাই’ বলে নারীদের বাসেই ওঠান না। আবার শুধু নারী ও শিশুদের জন্য সরকারি কিছু বাস থাকলেও তা যথেষ্ট নয়। এই সমস্যাগুলো একজন নারীর স্বাভাবিক জীবনযাপনে কতটুকু নেতিবাচক প্রভাব ফেলে, তা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই আমরা সহজে অনুমান করতে পারব। এই সমস্যা মোকাবিলায় শহরে পর্যাপ্ত গণপরিবহন নামাতে হবে। পুরুষদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে।
মারুফ আহাম্মদ চৌধুরী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।