গণমাধ্যমের কণ্ঠরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার উদ্দেশ্য যা-ই হোক, এতে সারা দেশেই সাংবাদিকেরা ব্যাপকভাবে হয়রানির শিকার হচ্ছেন। পরিবেশিত কোনো সংবাদ প্রভাবশালী বা ক্ষমতাসীনদের কারও অপছন্দ হলেই মামলা ঠুকে দেওয়া হচ্ছে। হাজিরা দেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্তে থাকা আদালতে ছুটে যেতে হচ্ছে। ফলে ৫৭ ধারার অপপ্রয়োগ নিয়ে সাংবাদিকদের মধ্যে একধরনের ভীতি তৈরি হয়েছে। এ অবস্থায় সরকার ৫৭ ধারা বাতিল করে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। জানা গেছে, এই আইনের ১৯ ধারায় সামান্য ভাষা রদবদল করে হুবহু ৫৭ ধারাকেই প্রতিস্থাপন করা হচ্ছে। ফলে গণমাধ্যমকর্মীরা একই রকম আতঙ্কে রয়েছেন।
অনেকেই মনে করছেন, এই ধারার উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের হয়রানি করা বা ভীতসন্ত্রস্ত করে রাখা, কাউকে শাস্তি দেওয়া নয়। সরকার ৫৭ ধারার মতো হাতিয়ার সহজে হাতছাড়া করবে না। তারা সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণকে সংবিধানবিরোধী বলেও উল্লেখ করেছে। তাহলে যে সরকার নিজেদের মুক্ত সাংবাদিকতার পক্ষে বলে দাবি করে, সেই সরকার সংবাদকর্মীদের কাছে ভীতিকর একটি আইন প্রণয়নে এত উৎসাহী কেন? বাক্স্বাধীনতা ছাড়া গণতন্ত্র হতে পারে না, এই সত্য কি তারা ভুলে যাচ্ছে?
মেনহাজুল ইসলাম, দিনাজপুর।