প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ভাটি এলাকার একটি গুরুত্বপূর্ণ বাজার অরুয়াইল। ৩টি ইউনিয়নের ৫০টি গ্রামের হাজার হাজার মানুষ এই বাজারে পণ্য বেচাকেনা করতে আসে।
দুঃখের বিষয়, এই জনবহুল বাজারে একটি মাত্র গণশৌচাগার আছে, যেটি ব্যবহার করতে মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এতে অনেক সময় নানা বিপত্তি ঘটে। বিশেষ করে, গ্রাম থেকে আসা নারীরা অনেক বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। প্রতিদিন কাকডাকা ভোর থেকে রাত ১০-১১টা পর্যন্ত এ বাজারে বেচাকেনা হয়।
জনবহুল এ বাজারে পর্যাপ্ত গণশৌচাগার না থাকায় অনেকে নিরুপায় হয়ে পার্শ্ববর্তী তিতাস নদীতে নেমে প্রাকৃতিক কর্ম সারেন। এতে তিতাস দূষিত হচ্ছে।
এ অবস্থায় অরুয়াইল উত্তর বাজারে সিএনজি স্ট্যান্ডে একটি গণশৌচাগার স্থাপন করা খুবই জরুরি। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।
এম মনসুর আলী
অরুয়াইল, ব্রাহ্মণবাড়িয়া।