গরম ও নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরমে নগরজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, যদিও গত দুই দিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি পাওয়া গেছে। গরমকালে গরম পড়বে—সেটাই স্বাভাবিক, কিন্তু অপরিকল্পিত নগরায়ণের কারণে এই গরম অসহনীয় হয়ে উঠেছে। এই শহরের অনেক বাসার জানালা দিয়ে আকাশ দেখা যায় না। অন্যদিকে হাতিরঝিলের পাশের বস্তির মানুষেরা পারলে ২৪ ঘণ্টাই ঝিলপাড়ে বসে কাটিয়ে দেন। কারণ, টিনের ঘর এমনিতেই গরম হয়ে যায়, তার ওপর আবার সেখানে বাতাস চলাচলের জায়গা নেই বললেই চলে। এর মধ্যেই চলছে তাঁদের জীবন।

তবে গ্রামের গরম এতটা অসহনীয় লাগে না। সেখানে খোলা মাঠের পাশে বা নদী/খালের ধারে গাছের ছায়ায় বসলে শরীর জুড়িয়ে যায়। আমাদের শহরে মূলত এই খোলা জায়গার অভাব। সে জন্যই গরম এতটা অসহনীয় লাগে। অথচ পরিকল্পিতভাবে নগরায়ণ করা হলে আমরা এই যন্ত্রণা থেকে রেহাই পেতাম। গরম সহ্য করতে না পেরে অনেকেই শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র কেনেন। এতে পরিবেশ আরও উষ্ণ হয়ে ওঠে। ফলে নগরকে সহনীয় করতে অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করতে হবে। এখনো সময় আছে, কিছু সংস্কার হয়তো করা যায়। নগরপতিরা বিষয়টি ভেবে দেখবেন কি?

এডওয়ার্ড গৌতম

ঢাকা।