গরমে কোট-গাউন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন ঘর থেকে বের হওয়া দায়, তখন বাংলাদেশের আইনজীবীরা আদালতকক্ষে কালো কোট ও গাউন পরে দায়িত্ব পালন করেন। সেই কক্ষ আবার লোকে লোকারণ্য থাকে, একটু বাতাসও সেখানে ঢোকে না। অবশ্য সুপ্রিম কোর্ট এ ক্ষেত্রে ব্যতিক্রম। এটা একরকম ঔপনিবেশিক উত্তরাধিকারও বটে। নিম্ন আদালতের আইনজীবী ও বিচারকদের দীর্ঘদিনের দাবি, তাঁদের জন্য পরিবেশবান্ধব পোশাকের বিধান করা হোক। এ নিয়ে প্রতিবাদ-সভা-সেমিনার অনেক কিছুই হয়েছে। কিন্তু কাজ হয়নি।
সম্প্রতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘গ্রীষ্মকালে কালো গাউন ছেড়ে দেওয়ার সময় এসেছে। আমাদের দেশে প্রায়ই বিদ্যুৎ সমস্যা থাকে। অনেক আদালতে দেখেছি, বিচারকাজ চলার সময় বিদ্যুৎ চলে যায়। এ সময় বিচারকেরা ছোট একটা ফ্যান চালিয়ে গরম থেকে পরিত্রাণ পান। কিন্তু আইনজীবীদের অনেক কষ্ট হয়, যা কোনোভাবে সহ্য করার মতো নয়।’
বিদ্যমান আইনানুযায়ী কালো কোট ও গাউন না পরলে আইনজীবীরা আদালতকক্ষে মামলা পরিচালনা করতে পারেন না। বিচারকেরা বিচারের কাজে অংশ নিতে পারবেন না, তা সে শীত বা গরম যা-ই হোক না কেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সচিবালয়ের কর্মকর্তাদের এখন মার্চ থেকে নভেম্বর পর্যন্ত অফিসে স্যুট-টাই পরে আসা নিষেধ। একইভাবে বিচারক-আইনজীবীদের জন্যও আমরা ঋতুবান্ধব পোশাক চাই। প্রয়োজনে বিদ্যমান আইন বা বিধি সংশোধন করা হোক। প্রধান বিচারপতি আমাদের সঙ্গেই আছেন। তাই এই যন্ত্রণা থেকে মুক্তির এই তো সুবর্ণ সুযোগ।
বিহঙ্গ চৌধুরী
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।