খুব সহজ একটা কাজ। একটা সবুজ গাছ কিনুন এবং সেটা আপনার বাড়ির উঠোনে অথবা ছাদে অথবা আপনার সুবিধাজনক স্থানে লাগান। একটা একটা করে যদি দুই কোটি মানুষকে দিয়ে এ কাজটি করানো যায়, তাহলে আমরা দুই কোটি গাছ পাব। ক্রমবর্ধমান কার্বনের বিস্তৃতির ফলে বায়ু যে পরিমাণে দূষিত হচ্ছে, তার প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। আবহাওয়ার অসম্ভব পরিবর্তন আর বায়ুদূষণ-সংক্রান্ত রোগ বেড়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে সবুজ গাছ কমে যাওয়া।
আমাদের মতো উন্নয়নশীল দেশে কার্বন নিঃসরণ বাড়তেই থাকবে, এটা অনেকটা স্বাভাবিক। কিন্তু পরিবেশ রক্ষা না করতে পারলে আমাদের শহর বসবাসের অনুপযোগী হয়ে যাবে। যে পরিমাণ গাছ প্রতিদিন কাটা হচ্ছে, সে পরিমাণ গাছ লাগানো হচ্ছে না। পৃথিবীর তাপ বৃদ্ধি এর একটা বড় প্রভাব! এগুলোর সমাধান খুঁজতে গেলে যেটা করতে হবে, সেটা হলো গাছ লাগানো।
ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই আমাদের কাজ শুরু করতে হবে। বাড়ির ছোট্ট খালি জায়গা থাকলেও একটা গাছ লাগান। বাড়ি সবুজ হলে শহর সবুজ হবে, আর শহর সবুজ হলে মানুষের আয়ু বাড়বে, জলবায়ু সুন্দর থাকবে।
সাঈদ চৌধুরী, গাজীপুর।