গাজীপুরের খাসজমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কি জানেন, গাজীপুরে খাসজমির পরিমাণ কত? গাজীপুরের অনেকাংশই ভাওয়াল ও মধুপুরের গড়। ফলে তা বনাঞ্চল থাকার কথা। কিন্তু এই বনাঞ্চলের অনেকাংশেই বনের লেশ মাত্র নেই । মাঝে মাঝে গড়ে উঠেছে ভারী শিল্পকারখানা, পিকনিক স্পট, বিলাসবহুল অবকাশ কেন্দ্র ইত্যাদি। সেখানে খাসজমিও বিক্রি হয়, লিজ হয়, আবার দখলও হয়। খাসজমির ব্যবসা করছে, এমন মানুষও রয়েছে। যেখানে বনাঞ্চলের বিলুপ্তি হয়েছে, সেটা কিন্তু সরকারের। এই জায়গাগুলো চিহ্নিত করা প্রয়োজন ।

বিভিন্নভাবে সরকারের জমিগুলো যেভাবে অপব্যবহৃত হচ্ছে, তাতে করে বনাঞ্চল তো নষ্ট হচ্ছেই, সঙ্গে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য! যে বানর গাজীপুরের সর্বত্র দেখা যেত, এখন তা নেই বললেই চলে। মাছের প্রাকৃতিক আবাসস্থল কমে গিয়ে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। পাখির বিচরণও কমে গেছে আশঙ্কাজনক হারে।

কিছু অসাধু মানুষ টাকা নিয়ে খাসজমি বিক্রি করছে সুবিধাবঞ্চিত মানুষদের কাছে, কখনো শিল্প নির্মাণের জন্য। সুবিধাবঞ্চিত মানুষের কাছে খাসজমি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা কাঠায় বিক্রি করা হচ্ছে বলে অনেক সময় খবর পাওয়া যায়।

পুরো ব্যাপারটাই অবৈধ। কিন্তু সরকার চোখে দেখেও যেন দেখছে না। সব প্রাকৃতিক সম্পদ যদি আমরা এভাবে হেলায় নষ্ট করি, তাহলে অবিমৃশ্যকারী জাতিতে পরিণত হব।

সাঈদ চৌধুরী

গাজীপুর।