রাস্তায় একটু অন্যমনস্ক হয়ে হাঁটছেন, হঠাৎ গাড়ির হর্নের শব্দে পিলে চমকানোর অবস্থা। এমন পরিস্থিতি এখন স্বাভাবিক! তাহলে হর্নের শব্দে সড়কের পাশে বসবাসকারী মানুষের কী অবস্থা ভেবেছেন? আর এই যন্ত্রণার বড় উৎস হচ্ছে বাস ও ট্রাকে ব্যবহৃত উচ্চমাত্রার হাইড্রোলিক হর্ন। এই হর্ন যেন বাচ্চাদের খেলনা, যার কারণে প্রাণিস্বাস্থ্যসহ পরিবেশেরও ক্ষতি হচ্ছে।
রাজধানী মার্কেট থেকে জয়কালী মন্দির সড়কটির আশপাশের মানুষেরা হর্নের প্রচণ্ড শব্দের কারণে রাতে শান্তিতে ঘুমাতে পারে না। আর দিনের বেলায় গাড়ির হর্নের শব্দে কান ঝালাপালা হয়ে যায়। এই সড়কটিতে হাসপাতাল, তিনটি স্কুল, দুটি মসজিদ ও একটি মন্দির রয়েছে। হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করা হলেও যানবাহনের মালিক ও চালকেরা তা মানছেন না। এই হর্নের উচ্চমাত্রার শব্দ মানুষের উচ্চ রক্তচাপ, মানসিক ভারসাম্যহীনতা, শিশু ও বয়স্কদের নানা ধরনের সমস্যা সৃষ্টি করে। তাই গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ হোক, সেটাই প্রত্যাশা করি।
রাশেদ তূর্য
শিক্ষার্থী, কবি নজরুল কলেজ।