গুচ্ছপদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়া সম্বন্ধে বিস্তর লেখালেখি হচ্ছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অধিবাসী হিসেবে গ্রামের সাধারণ প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় থেকে পড়া শেষ করে ভর্তি হয়েছিলাম নিজ উপজেলার কলেজেই।
এসএসসিতে ২০১১ সালে বিজ্ঞান বিভাগে আমার সব বিষয়ে জিপিএ-৫ থাকলেও সামর্থ্য ছিল না আর দশজনের মতো শহুরে পরিবেশে উন্নত কলেজে পড়া। আর্থিক অনটনের কারণে সবার মতো কোচিং-প্রাইভেট পড়ার সুযোগ না পেয়ে নিজেই বাড়িতে চর্চা করতে থাকি। ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে অনাকাঙ্ক্ষিতভাবে জিপিএ–৪.৩০ পেলাম। এত কম জিপিএ আমার আত্মবিশ্বাসে আঘাত হানল। যাহোক, আর্থিক অনটনহেতু অনেক ধারদেনা করে আমার কাঙ্ক্ষিত কিছু বিশ্ববিদ্যালয় থেকে ফরম উত্তোলন করলাম। বিভিন্ন জায়গায় ফরমের বেশি মূল্য, যাতায়াত খরচ, থাকা-খাওয়া ইত্যাদি আমার জন্য আর্থিক সমস্যা সৃষ্টি করল।
এত কম জিপিএ নিয়ে গত বছর কোথাও সুযোগ মিলল না। যাহোক, আর্থিক অনটন সত্ত্বেও শেষবারের মতো এবারও কিছু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিচ্ছি। জীবনে কখনো যেসব জেলায় যাওয়া হয়নি, সেসব জায়গায় ভ্রমণ একদিকে যেমন অস্বস্তির সৃষ্টি করে, অন্যদিকে খরচের ব্যাপার তো আছেই। শ্রদ্ধেয় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল স্যারের পরিকল্পিত ভর্তি পরীক্ষার মতো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতি করা হলে একদিকে যেমন শুধু এক ফরমের খরচেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে, ঠিক তেমনি নিজ জেলায় স্বস্তিতে পরীক্ষা দেওয়া যাবে।
অনেক মেধাবী মেয়ে আছে, যারা প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা বিধায় কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা থাকলেও দূরদূরান্তের পরীক্ষায় অংশগ্রহণ তাদের জন্য সম্ভব হয়ে ওঠে না।
তাই গুচ্ছপদ্ধতি ভর্তির প্রক্রিয়া এখন প্রাণের দাবি। নতুন এ পদ্ধতিতে প্রথমে বেশ কিছু সমস্যা থাকলেও অধিকাংশ শিক্ষার্থীর উচ্চশিক্ষায় অংশগ্রহণের কথা মাথায় রেখে এ বিষয়ে ভাবার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।
চন্দ্রনাথ ধর
কালিহাতী, টাঙ্গাইল।