গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় ঘোষণা এসেছে। তবে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে সব পণ্যের মূল্য হু হু করে বেড়ে যাবে। ফলে আর্থিক দৈন্যদশায় নিপতিত হবে সাধারণ মানুষ। 
কয়েক বছর ধরে বিদ্যুতের দাম দফায় দফায় অনেকবার বাড়ানো হয়েছে, তাতে সাধারণ আবাসিক গ্রাহকেরা এখন বিদ্যুৎ বিল পরিশোধ করতে খুব হিমশিম খাচ্ছেন।
এখন আবার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে নীতিনির্ধারকেরা খুব ব্যস্ত। গ্যাসের দুমুখী চুলা ৪৫০ টাকার স্থলে এক হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই বৃদ্ধির ফলে বাড়িভাড়াও বেড়ে যাবে। এতে আর্থিক সংকটে পড়বেন নিম্ন ও মধ্যবিত্তের লোকজন।
প্রতিবছর বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা ও দুর্নীতির ফলে ফান্ড ক্রাইসিস ব্যালেন্স করার জন্য সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে থাকে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর প্রভাব পড়ে। তবে যেভাবে বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানো হয়েছে এবং যা বাড়ানো হবে তাতে মানুষের জীবনযাত্রার ভারসাম্য আনতে খুব কষ্ট হবে। আবার আবাসিক গ্যাসের দাম ৪৫০ টাকার স্থলে এক হাজার টাকা করা হলে খুব আর্থিক কষ্টে পড়বে নিম্ন ও মধ্যবিত্তের পরিবার এবং এর প্রভাব পড়বে অনেক ক্ষেত্রে।
তাই বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়িয়ে সব সেক্টরের অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করে ওই সব সেক্টরের উন্নয়ন করে দেশের সামগ্রিক অর্থনীতির একটা ভারসাম্য আনা সর্বাগ্রে প্রয়োজন। গ্যাস ও বিদ্যুতের মূল্য বারবার বৃদ্ধি করে সরকারের ফান্ড ক্রাইসিস ব্যালেন্স করতে গিয়ে সাধারণ মানুষের আর্থিক সংকটে ফেলে দেওয়া সমীচীন হবে না। আর বৃদ্ধির মাত্রা নির্দিষ্ট একটা অনুপাতে হওয়া উচিত। তবে আবাসিক গ্যাসের মূল্য হঠাৎ চুলাপ্রতি ১০০ ভাগের বেশি বৃদ্ধির ঘোষণায় মানুষ বিস্মিত হয়েছে।
তাই আশা করব, সরকার মানুষের আর্থিক দিক ভেবে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে বিরত থাকবে এবং মানুষের জীবনযাত্রার ভারসাম্য রক্ষা করবে।
এম আহমেদ, ডেমরা, ঢাকা।