সিলিন্ডার বা গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ মানুষের কত কষ্ট, তা ভাষায় প্রকাশ করা দুষ্কর। নিম্নমানের গ্যাস সিলিন্ডার ব্যবহারের কারণে যানবাহন ও বাসাবাড়িতে অহরহ দুর্ঘটনা ঘটছে, যা দেখার কেউ নেই। আর এতে দগ্ধ মানুষের আর্তনাদ ও হাহাকার দিন দিন বেড়েই চলছে। সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে এ রকম দুর্ঘটনা ঘটেই চলছে। বেলুনের সিলিন্ডার আরও মারাত্মক।
দেশে যত্রতত্র সিলিন্ডার তৈরি হচ্ছে, যার কোনো নিয়মনীতি নেই। এর গুণগতমান দেখার দায়িত্ব কার? প্রতিবছর এই সিলিন্ডার বিস্ফোরণে শত শত লোক মারা যায়। ধ্বংস হচ্ছে এদের পরিবার-পরিজন। দগ্ধ হয়ে হাজার হাজার লোক পঙ্গুত্ব নিয়ে ঘুরে বেড়ায়। তাদের পরিবারগুলো আজ বিধ্বস্ত। চলন্ত বাস ট্রাক, টেম্পো, সিএনজিচালিত সব যানবাহনের ক্ষেত্রে সিলিন্ডার বিস্ফোরণ মারাত্মক হুমকিস্বরূপ। গাড়ির মালিক ও চালক অনভিজ্ঞ থাকার কারণে অহরহ এ দুর্ঘটনা ঘটেই চলছে। এ থেকে পরিত্রাণ পেতে চাই। ভবিষ্যতে একটি নিয়মনীতি ও পরীক্ষার পর সিলিন্ডার তৈরির ছাড়পত্র দেওয়ার ব্যাপারে কঠোর আইনের জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
মাহবুবউদ্দিন চৌধুরী, গেন্ডারিয়া, ঢাকা।