ঢাকার দক্ষিণখান ইউনিয়নের আশকোনায় গ্যাসের তীব্র সংকট চলছে। ব্যাচেলর ও গৃহকর্মীদের ভোগান্তির শেষ নেই। সকাল সাতটা বাজতে না বাজতেই গ্যাস চলে যায়। ফলে রান্না শুরু করতে হয় ভোর থেকেই, যা তঁাদের জন্য অসহনীয়। খুব ভোরে এসে রান্না করতে হয় বলে তাঁদের অতিরিক্ত বেতন দিতে হয়। সারা দিন একদম গ্যাস থাকে না বললেই চলে। এমন পরিস্থিতি হয় যে একটি ডিম ভেজে খাওয়ারও উপায় থাকে না।
গৃহকর্মীরা সকালেই সারা দিনের খাবার রান্না করে যান বলে ব্যাচেলরদের দুপুরে ঠান্ডা খাবার খেতে হয়। বাসাবাড়িতে অনেকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করলেও ব্যাচেলর ভাড়াটেরা অতিরিক্ত ব্যয়ের কথা ভেবে তা করতে পারেন না। মাঝে মাঝে বিকেলে গ্যাস থাকে না। রাতে গ্যাস আসে প্রায় ১২টার দিকে। অফিস-বিশ্ববিদ্যালয় থেকে ফিরে নিজেরা রান্না করে খেতে খেতে প্রায় দুইটা বাজে, যা ব্যাচেলরদের জন্য চরম ভোগান্তির পর্যায়ে পড়ে। অন্তত রান্না করার সময়গুলোতে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ থাকলে গৃহকর্মীরা অনায়াসে রান্না করে যেতে পারতেন এবং ব্যাচেলররা সময়মতো খেয়ে স্বস্তিতে থাকতে পারতেন।
দুঃখের বিষয় হলো, গ্যাসের দাম বাড়ল অথচ গ্যাসের চাপ কম। আমরা এই ভোগান্তির অবসান চাই।
মোহাম্মদ অংকন, আশকোনা, ঢাকা।