সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। এমনিতেই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবিরাম মূল্যবৃদ্ধিতে মানুষের দুর্দশার শেষ নেই, এর মধ্যে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো গ্যাসের বর্তমান মূল্য দ্বিগুণ করা হলে তা সাধারণ মানুষের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। শ্রমজীবী মানুষের আয় বাড়ছে না, কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন পণ্যদ্রব্য ও সেবার মূল্য অত্যধিক হারে বেড়েই চলেছে। খেটে খাওয়া মানুষ কীভাবে এই বাড়তি টাকার ব্যবস্থা করবে? গ্যাসের মূল্যবৃদ্ধিতে ধনিকশ্রেণির ওপর তেমন কোনো প্রভাব হয়তো পড়বে না। কিন্তু সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জন্য অনেক কষ্ট বয়ে আনবে অবিবেচনাপ্রসূত এ সিদ্ধান্ত। কাদের প্ররোচনায় এই হঠকারী সিদ্ধান্ত কার্যকর হচ্ছে, তা বোধগম্য নয়। সিদ্ধান্তটি কার্যকর হলে বাংলাদেশের জনগোষ্ঠীর বিরাট অংশই ভীষণভাবে অর্থনৈতিক চাপে পড়বে। অতএব, গ্যাসের দাম না বাড়িয়ে বরং বিলাসবহুল পণ্যের ওপর বাড়তি করারোপ করে অর্থনৈতিক ঘাটতি পূরণের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
উজ্জ্বল দাস পোদ্দার
ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।