সরকার সিদ্ধান্ত নিয়েছে, বাসাবাড়িতে আর গ্যাস–সংযোগ দেওয়া হবে না। বিষয়টি অনেকের মাথাব্যথার কারণ হলেও সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে বলতে হয়। আমরা অনেকেই জানি, উন্নত দেশগুলোতে প্রাকৃতিক গ্যাসের এতটা অপব্যবহার হয় না, যতটা আমরা করে থাকি। আমরা দেখেছি, একটি ম্যাচের কাঠি বাঁচাতে সারা রাত গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা হয়, যা আমাদের ও দেশের ক্ষতি।
আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয়। এটাও আমাদের দেশের গ্যাস ব্যবহারকারীদের জন্য উদাহরণ হতে পারে।
আবাসিক ক্ষেত্রে যদি এলপি গ্যাস ব্যবহার করা হয়, তবে সরকার শিল্পকারখানায় পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ করতে পারবে। তাই গ্যাস–সংকট দূরীকরণে সরকারকেই যথাযথ ব্যবস্থা নিতে হবে। সরকার যদি চাহিদামাফিক ও সাশ্রয়ী দামে এলপি (তরল) গ্যাস সরবরাহের ব্যবস্থা করে, তাহলে বড় বড় শহরের বাসিন্দারা এলপি গ্যাস ব্যবহারে উৎসাহিত হবে। একই সঙ্গে, ব্যক্তিগত গাড়িতে সিএনজি সরবরাহ বন্ধ করতে হবে। এতে ঢাকা নগরের যানজট যেমন কমবে, তেমনি গ্যাসেরও সাশ্রয় হবে। এটাই হবে প্রাকৃতিক গ্যাসের মজুত বাড়ানোর বাংলাদেশের জন্য ভালো ব্যবস্থা। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি।
সিদ্দিকা ফেরদৌস
গাইবান্ধা।