জ্বালানি নিরাপত্তার অজুহাতে আরও একবার বাড়ানো হলো বিদ্যুতের দাম। সরকার ভুল নীতি অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে বারবার দাম বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করে তুলেছে। বিদ্যুতের সঙ্গে বেড়েছে গ্যাসের দামও। বিদ্যুৎ আর গ্যাসের দাম বাড়ানোর প্রভাব প্রত্যক্ষভাবে দেশের প্রতিটি পরিবারের ওপর পড়বে। পরিবহন, রান্নার জ্বালানি আর বিদ্যুৎ খরচ বাড়ার পাশাপাশি শিল্পেও এর প্রভাব পড়বে।
ফলে আরেক দফা বাড়বে সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। সরকার ৩ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভাড়াভিত্তিক অস্থায়ী বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে ২ হাজার মেগাওয়াট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছে। তখন তেলের দাম বেশি থাকায় সরকার বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হয়েছিল। বিশ্ববাজারে জ্বালানি তেলের চড়া দামের সময় থেকেই সরকার ভাড়ায়চালিত তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে তেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করে আসছে।
কিন্তু বিশ্ববাজারে তেলের মূল্য অস্বাভাবিক কমে যাওয়ায় গ্রাহক পর্যায় দাম কমানোর সুযোগ সৃষ্টি হয়েছে। অথচ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন দাম কমানোর বদলে উল্টো গ্রাহক পর্যায়ে দাম বাড়াল, সেলুকাস!
জনজীবনে ভোগান্তির কথা চিন্তা করে গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি।
মো. হাসান, ঢাকা।