গ্রাম বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ জানুয়ারি ‘গ্রামীণ দারিদ্র্য কমিয়েছে পল্লি সড়ক’ নামে একটি সংবাদ প্রথম আলোতে ছাপা হয়েছে। এতে দেখা যায়, সড়ক হয়েছে এমন এলাকায় দারিদ্র্যের সংখ্যা ৫৭ ভাগ থেকে কমে ৪৮ ভাগ হয়েছে। সেই সঙ্গে মাধ্যমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার কমেছে ১৪ শতাংশ।
গ্রামীণ জনপদকে গতিশীল করার জন্য পুরোনো ও বিলুপ্তপ্রায় পল্লি­ সড়কগুলোরও একটি পরিসংখ্যান করা উচিত। সেটা করা হলে প্রভাবশালী আর ভূমিদস্যুদের দখলে থাকা কিছু সড়ক এখনো রক্ষা করা সম্ভব হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে কিছু পল্লি­ সড়ক বিভিন্ন সময় পাকা করা হলেও সঠিক নজরদারির অভাবে এগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াও অনেক গ্রামে বাংলা চিমনি দিয়ে চলছে ইটভাটা। এসব ভাটায় যেমন পুড়ছে গ্রামের সবুজ বৃক্ষ, তেমনি পাওয়ার টিলারের চাকার ঘর্ষণে ধ্বংস হচ্ছে ৯০ শতাংশ পল্লি­ সড়ক। ফলে গ্রীষ্মকালের ধুলাবালু আর বর্ষাকালের কাদামাটিতে একাকার পল্লি­ সড়কগুলো পরিণত হয় পল্লি­ দুর্ভোগে।
পল্লি­ সড়কগুলো মেরামত আর যত্রতত্র গড়ে ওঠা ইটভাটা বন্ধের মাধ্যমে গ্রাম রক্ষার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আরিফ চৌধুরী, ঢাকা।