গ্রামাঞ্চলের রাস্তাঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৮ হাজার গ্রাম নিয়ে গঠিত আমাদের এই বাংলাদেশ। এ দেশের প্রতিটি গ্রামে রয়েছে অসংখ্য রাস্তাঘাট। আর এসব রাস্তাঘাট ভাঙাচোরা হওয়ায় চলাচলের সময় গ্রামের মানুষকে প্রায়ই বিপাকে পড়তে হয়। বিশেষ করে, বর্ষাকালে এর মাত্রা যেন বহুগুণে বেড়ে যায়। তাই বর্ষা মৌসুমের আগেই গ্রামের রাস্তাঘাট সংস্কার করা প্রয়োজন।
এ লক্ষ্যে সরকারকে উদ্যোগ নিতে হবে। কেননা, সরকার যদি পরিকল্পনা গ্রহণ করে প্রতিটি গ্রামের রাস্তাঘাট সংস্কার করতে পারে, তাহলে হয়তো মানুষের ভোগান্তির পরিমাণ কিছুটা হলেও কমে যাবে। কারও মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, সরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে প্রতিনিয়ত রাস্তাঘাট সংস্কার করে চলেছে, তারপরও নতুন পরিকল্পনা কেন প্রয়োজন? সত্য বলতে, নতুন পরিকল্পনা গ্রহণ করার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। কেননা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে যেভাবে রাস্তাঘাট সংস্কার করা হয়, সেটি নামেমাত্র। বর্ষাকালে এর চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। অথচ এই রাস্তা ভালো থাকলে মানুষের চলাচল বাড়ত, গ্রামীণ অর্থনীতি আরও চাঙা হতো। তাই শুধু নামকাওয়াস্তে রাস্তা নয়, চলাচলের উপযোগী করে নতুন রাস্তা নির্মাণ এবং পুরোনো রাস্তা সংস্কার করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মানিক উল্লাহ
সিরাজগঞ্জ।